ইসলামপুরে টিকিট পেলেন না ১১ বারের বিধায়ক আব্দুল করিম, কানাইয়ালালের নাম ঘোষণায় শোরগোল

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তর দিনাজপুরের ইসলামপুর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ১১ বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে সরিয়ে এবার ইসলামপুর কেন্দ্রে দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই খবর পৌঁছাতেই করিম চৌধুরীর বাসভবনে নেমে আসে নিস্তব্ধতা। অনুগামীরা সবুজ আবির নিয়ে উদযাপনের প্রস্তুতি রাখলেও, প্রিয় নেতার নাম বাদ পড়ায় হতাশ হয়ে গোলঘর ছেড়ে ফিরে যান তাঁরা।
ইসলামপুরের প্রার্থী পদ নিয়ে দীর্ঘদিন ধরে করিম ও কানাইয়া শিবিরের মধ্যে দ্বন্দ্ব চলছিল। কানাইয়ালাল আগরওয়াল এর আগে ২০১৬ সালে করিম চৌধুরীকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন। পরবর্তীকালে তিনি তৃণমূলে যোগ দেন এবং দলের জেলা সভাপতির দায়িত্ব সামলান। বিধানসভা ও লোকসভা নির্বাচনে হারের মুখ দেখলেও, পুনরায় তাঁর ওপর আস্থা রাখল শীর্ষ নেতৃত্ব। টিকিট পাওয়ার পর কানাইয়ালাল সংগঠনের শক্তির ওপর ভর করে জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।
অন্যদিকে, আব্দুল করিম চৌধুরীর অনুগামীরা এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অভিযোগ, দলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতি এখানে লঙ্ঘিত হয়েছে। উত্তরবঙ্গে দলের অন্যতম পুরনো ও বিশ্বস্ত সৈনিককে যোগ্য সম্মান দেওয়া হয়নি বলে দাবি করেছেন অনুগামী নুরউদ্দিন। প্রার্থী না হওয়ায় বর্ষীয়ান নেতা করিম চৌধুরী এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি। তবে তাঁর আগামী রাজনৈতিক পদক্ষেপ ঘিরে এলাকায় জোর জল্পনা শুরু হয়েছে।