ইসলামপুরে নৃশংস কাণ্ড, প্রতিবেশী বোনকে পালাতে সাহায্যের অপবাদে মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি করে খুন

ইসলামপুরে নৃশংস কাণ্ড, প্রতিবেশী বোনকে পালাতে সাহায্যের অপবাদে মাধ্যমিক পরীক্ষার্থীকে গুলি করে খুন

উত্তর দিনাজপুরের ইসলামপুরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিবেশী বোনকে বাড়ি থেকে পালাতে সাহায্য করার অভিযোগে এক মাধ্যমিক পরীক্ষার্থী কিশোরীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে তার প্রতিবেশী কাকার বিরুদ্ধে। রবিবার রাতে ইসলামপুর থানার অন্তর্গত গোবিন্দপুর পঞ্চায়েতের নন্দ লাড়ুখুয়া এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত কিশোরীর নাম সানজুরা বেগম (১৬)। আগামী বছর তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ওই এলাকার বাসিন্দা লাল মিঞার মেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। লাল মিঞার সন্দেহ ছিল যে, প্রতিবেশী সানজুরাই তার মেয়েকে পালাতে প্ররোচনা বা সাহায্য করেছে। এই আক্রোশ থেকেই রবিবার রাতে সে সানজুরাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। কিশোরীর বুকে গুলি লাগলে সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।

গুরুতর জখম অবস্থায় সানজুরাকে উদ্ধার করে দ্রুত ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত লাল মিঞা এলাকা ছেড়ে পলাতক। পুলিশ তার সন্ধানে জোরদার তল্লাশি শুরু করেছে। ইসলামপুরের পুলিশ সুপার রাকেশ কুমার সিং জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *