উচ্চ মাধ্যমিকে সেমিস্টার পদ্ধতির বড় সুযোগ, বিধি বদলাল শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম ও পরীক্ষা পদ্ধতিতে বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছে। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা পুরনো পাঠ্যক্রমে একাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে, তারা এখন দ্বাদশ শ্রেণিতে নতুন সেমিস্টার পদ্ধতিতে নাম নথিভুক্ত করার সুযোগ পাবে। সংসদ সভাপতি পার্থ কর্মকার জানান, শিক্ষার্থীদের পড়াশোনা সহজতর করতেই এই বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
ইচ্ছুক পড়ুয়াদের ১ এপ্রিল থেকে ১৭ এপ্রিলের মধ্যে সংসদের পোর্টালে ‘অপশন ফর্ম’ পূরণ করতে হবে। স্কুলের লগ-ইন ব্যবহার করে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে যারা পুরনো পদ্ধতিতে পরীক্ষা দিতে চায়, তাদের কোনো ফর্ম পূরণ করতে হবে না। অন্যদিকে, একাদশ শ্রেণিতে অকৃতকার্য পড়ুয়ারা সরাসরি নতুন সেমিস্টার পদ্ধতির জন্য আবেদন করতে পারবে এবং তাদের পূর্বের রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
নতুন এই পদ্ধতিতে বিষয় নির্বাচনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে। যেমন, একাদশে ‘ডেটা সায়েন্স’ নিয়ে পড়া পড়ুয়াদের দ্বাদশে ‘এআই অ্যান্ড ডেটা সায়েন্স’ বিষয়টি বেছে নিতে হবে। সংসদের অনুমোদনের পরই আবেদনকারী পড়ুয়ারা নতুন সেমিস্টার পদ্ধতির দ্বাদশ শ্রেণিতে পড়ার যোগ্য হিসেবে বিবেচিত হবে। মূলত ছাত্রছাত্রীদের সুবিধার্থেই নিয়মের এই সরলীকরণ করা হয়েছে বলে সংসদ সূত্রে খবর।