উত্তপাড়ায় নজরকাড়া শক্তি প্রদর্শন করে মনোনয়ন পেশ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়

উত্তপাড়ায় নজরকাড়া শক্তি প্রদর্শন করে মনোনয়ন পেশ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায়

গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বামেদের ‘শূন্য’ তকমা ঘোচানোর লড়াইয়ে সিপিএমের অন্যতম প্রধান বাজি মীনাক্ষী মুখোপাধ্যায়। শনিবার শ্রীরামপুর মহকুমা শাসক অফিসে উত্তরপাড়া কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। নিজের পরিচিত চেনা মেজাজে কয়েক হাজার দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে বিশাল মিছিলে অংশ নেন এই বাম নেত্রী। শ্রীরামপুর আর এম এস ময়দান থেকে মহকুমা অফিস পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ সুশৃঙ্খল মিছিলের মাধ্যমে বড়সড় শক্তি প্রদর্শন করল বাম শিবির। এদিনের কর্মসূচিতে শ্রীরামপুর, চাপদানি, চণ্ডীতলা ও জাঙ্গিপাড়ার প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

দলীয় প্রার্থী পদ ঘোষণার অনেক আগে থেকেই উত্তরপাড়ার অলিগলিতে প্রচার শুরু করেছিলেন মীনাক্ষী। গত তিন মাস ধরে নিবিড় জন সংযোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে গিয়েছেন তিনি। মনোনয়ন জমা দেওয়ার পর মীনাক্ষী দাবি করেন, বিরোধী তৃণমূল ও বিজেপি প্রার্থীরা কেবল প্রচারের জৌলুসে ব্যস্ত, কিন্তু সাধারণ মানুষের প্রকৃত সমস্যার কথা শোনার প্রয়োজন তারা মনে করছে না। অন্যদিকে, পাড়ায় পাড়ায় ঘুরে প্রবীণদের আশীর্বাদ ও জনসমর্থন পাওয়ায় তিনি জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী।

বিরোধীদের কটাক্ষের জবাবে মীনাক্ষী সাফ জানান, গত পাঁচ বছর তিনি কোনো পদ বা গাড়ির মোহ না রেখে লাল ঝান্ডা কাঁধে নিয়ে রাজ্যের প্রতিটি প্রান্তে মানুষের পাশে থেকেছেন। নন্দীগ্রামের ফলাফল টেনে সামাজিক মাধ্যমে হওয়া সমালোচনার প্রতিবাদে তিনি বলেন, বাংলার মানুষ এবার শাসক দলকে প্রত্যাখ্যান করেছে এবং বিজেপিকেও আর সুবিধা করতে দেবে না। দেবব্রত ঘোষ, শ্রুতিনাথ প্রহরাজ এবং তীর্থঙ্কর রায়ের মতো প্রবীণ বাম নেতাদের উপস্থিতিতে সম্পন্ন হওয়া এই মনোনয়ন প্রক্রিয়ার পর এখন দেখার, উত্তরপাড়ার এই ‘মাটি কামড়ে পড়ে থাকা’ লড়াই ভোটের বাক্সে বামেদের ভাগ্য ফেরাতে পারে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *