ফোন না ধরায় স্ত্রীকে পিটিয়ে খুন, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

উত্তরপ্রদেশের সুলতানপুর জেলার সেওরা চারথাই গ্রামে ফোন না ধরার ‘অপরাধে’ স্ত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নির্মাণকর্মী নাকচেদ কাজ চলাকালীন তার স্ত্রী কুসুমকে ফোন করেছিলেন। সেই সময় ফোনের লাইন ব্যস্ত থাকায় কুসুম ফোন ধরতে পারেননি। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই গভীর রাতে চরম উত্তেজিত অবস্থায় বাড়ি ফেরে ওই ব্যক্তি।
অভিযোগ অনুযায়ী, বাড়িতে ঢুকে দুই সন্তানের সামনেই স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করে নাকচেদ। প্রাণভয়ে কুসুম সন্তানদের নিয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেও পরের দিন সকালে ফিরতেই ফের তাঁর ওপর লাঠি নিয়ে চড়াও হয় অভিযুক্ত। মারের চোটে গুরুতর জখম হয়ে জ্ঞান হারান কুসুম। স্থানীয়রা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত পৌঁছায় এবং অভিযুক্ত নাকচেদকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ধৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে।