উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে নজিরবিহীন জোয়ার, ৩ মাসে জমা পড়ল ৭১ লাখ আবেদন

উত্তরপ্রদেশে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তিতে নজিরবিহীন জোয়ার, ৩ মাসে জমা পড়ল ৭১ লাখ আবেদন

উত্তরপ্রদেশে আগামী বছরের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে এক নজিরবিহীন জোয়ার দেখা দিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার নভদীপ রাইনা জানিয়েছেন, গত তিন মাসে নতুন ভোটার হওয়ার জন্য প্রায় ৭১ লাখ আবেদন জমা পড়েছে। একই সময়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন এসেছে ২ লক্ষ ৬৮ হাজার। ভারতের ইতিহাসে কোনো রাজ্যে তালিকা সংশোধনের সময় এত বিপুল সংখ্যক আবেদন জমা পড়ার ঘটনা এই প্রথম।

রাজ্যজুড়ে নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) কর্মসূচি চলাকালীন এই পরিসংখ্যান সামনে এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনের গুরুত্ব বুঝে রাজনৈতিক দলগুলো নিজ নিজ সমর্থকদের নাম নথিভুক্ত করতে বিশেষ তৎপরতা দেখিয়েছে। আবেদনকারীদের মধ্যে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা প্রায় এক লাখ বেশি হওয়া একটি তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, নাম বাতিলের আবেদনের ক্ষেত্রে পুরুষদের আধিক্যই বেশি লক্ষ্য করা গেছে।

তবে এই প্রক্রিয়ার মাঝেই ভোটার তালিকায় থাকা ৩ কোটি ২৬ লাখ নাগরিককে নোটিশ পাঠিয়েছে কমিশন। এর মধ্যে প্রায় পৌনে দুই কোটি ভোটারের নাম ২০০৩ সালের তালিকায় ছিল না এবং বাকিদের তথ্যে বয়সসহ বিভিন্ন অসংগতি রয়েছে। উপযুক্ত নথি দিয়ে বৈধতা প্রমাণ করতে না পারলে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হতে পারে বলে কমিশন সতর্ক করেছে। বিপুল সংখ্যক নতুন আবেদনের পাশাপাশি এই গণ-নোটিশের বিষয়টি রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *