উত্তর দিনাজপুরের জেলা শাসক পদে জেডিইউ বিধায়কের ছেলে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তৃণমূলের

উত্তর দিনাজপুরের জেলা শাসক পদে জেডিইউ বিধায়কের ছেলে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তৃণমূলের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রশাসনিক রদবদল নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের গুরুতর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুরের নবনিযুক্ত জেলা শাসক বিবেক কুমার সিংয়ের পারিবারিক পরিচয় সামনে এনে রবিবার সাংবাদিক সম্মেলনে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, বিবেক কুমারের বাবা বীরেন্দ্র কুমার সিং বিহারের এনডিএ জোটসঙ্গী জেডিইউ-এর একজন প্রভাবশালী বিধায়ক ও প্রাক্তন সাংসদ। পারিবারিক ভাবে বিজেপি ঘনিষ্ঠ একজন আধিকারিককে একটি সংবেদনশীল জেলার দায়িত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে শাসকদল।

কুণাল ঘোষ অভিযোগ করেন, বাংলার নিরপেক্ষ অফিসারদের সরিয়ে পরিকল্পিত ভাবে বাইরে থেকে ‘দলদাস’ ও ‘বিজেপি ক্যাডার’দের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। তাঁর মতে, নির্বাচন কমিশন অলিখিত জরুরি অবস্থা জারি করে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। কমিশন নিযুক্ত আধিকারিকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও জানান, এই ধরনের নিয়োগ আসলে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার কৌশল মাত্র। তৃণমূলের দাবি, উত্তর দিনাজপুরের মতো গুরুত্বপূর্ণ জেলায় প্রশাসনের শীর্ষস্তরে এমন নিয়োগ গভীর উদ্বেগের।

নির্বাচন কমিশন সম্প্রতি রাজ্য জুড়ে ৮৩ জন বিডিও এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারকে বদলি করেছে, যার মধ্যেই বিবেক কুমার সিংয়ের নাম রয়েছে। এর আগে মালদহ ও অন্যান্য জেলার পর্যবেক্ষকদের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ তুলেছিল তৃণমূল। কুণাল ঘোষ মনে করিয়ে দেন, বর্তমান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইতিপূর্বে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে ইম্পিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্যের শাসকদলের অভিযোগ, বাছাই করা বিজেপি ঘনিষ্ঠদের বাংলার ভোটের দায়িত্বে পাঠিয়ে নির্বাচনের স্বচ্ছতা ক্ষুণ্ন করছে কমিশন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *