উত্তর সিকিমে প্রবল বৃষ্টি ও ধস, চুংথাংয়ে আটকে কয়েক’শ পর্যটক

উত্তর সিকিমে প্রবল বৃষ্টি ও ধস, চুংথাংয়ে আটকে কয়েক’শ পর্যটক

উত্তর সিকিমে গত কয়েকদিন ধরে চলা প্রবল বৃষ্টিপাতের জেরে লাচেনগামী সড়কে ভয়াবহ ধস নেমেছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে চুংথাং এলাকায় বর্তমানে প্রায় ১৫০ থেকে ২০০ জন পর্যটক আটকে পড়েছেন বলে জানা গেছে। গ্যাংটং থেকে লাচেন এবং চুংথাং থেকে লাচেন যাওয়ার প্রধান সংযোগকারী রাস্তাগুলো ধসে ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উত্তর সিকিমের জেলাশাসক অনন্ত জৈন জানিয়েছেন, আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ের জন্য নিকটবর্তী আইটিবিপি (ITBP) ক্যাম্প ও স্থানীয় গুরুদ্বারে নিয়ে যাওয়া হচ্ছে। জেলা প্রশাসন পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধারকাজ পরিচালনা করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলগুলোকে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত উত্তর সিকিম জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পর্যটকদের নিরাপত্তার খাতিরে প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। ধসের কারণে বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হওয়ার খবর পাওয়া গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *