উত্তর ২৪ পরগনায় তৃণমূলের বুথ সভাপতিকে নৃশংস হত্যা, এলাকায় তীব্র চাঞ্চল্য

উত্তর ২৪ পরগনায় তৃণমূলের বুথ সভাপতিকে নৃশংস হত্যা, এলাকায় তীব্র চাঞ্চল্য

বিধানসভা নির্বাচনের মুখে ফের রক্তক্ষয়ী রাজনৈতিক হিংসার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনা। হাড়োয়া থানার ঝুজুরগাছা এলাকায় দেগঙ্গার চাঁপাতলা গ্রামপঞ্চায়েতের তৃণমূল বুথ সভাপতি মসিউর কাজির (৩৮) ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। নিহতের শরীরের একাধিক অংশে গভীর আঘাতের চিহ্ন এবং একটি হাত বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে অত্যন্ত নৃশংসভাবে তাঁকে খুন করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাত নয়টা নাগাদ একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মসিউর। এরপর তিনি আর ফিরে না আসায় বৃহস্পতিবার সকালে স্থানীয়রা শংকরপুর পঞ্চায়েত এলাকায় তাঁর দেহটি খুঁজে পান। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে ফোন করে ডেকে নিয়ে গিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ভোটের প্রাক্কালে এই নৃশংস হত্যাকাণ্ডে গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এটি রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত রেষারেষির জেরে ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে ঝুজুরগাছা ও গাংনিয়া এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। দোষীদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *