ঋষি কাপুরের নাম ও ইমেজে আইনি সুরক্ষা, বড় পদক্ষেপ রণবীর কাপুরের

ঋষি কাপুরের নাম ও ইমেজে আইনি সুরক্ষা, বড় পদক্ষেপ রণবীর কাপুরের

প্রয়াত মেগাস্টার ঋষি কাপুরের নাম, ছবি এবং কণ্ঠস্বরের অপব্যবহার রুখতে কঠোর আইনি পদক্ষেপ নিল কাপুর পরিবার। মৃত্যুর ছয় বছর পর অভিনেতার ব্যক্তিত্বের অধিকার বা ‘পার্সোনালিটি রাইটস’ সংরক্ষিত করার সিদ্ধান্ত নিয়েছেন রণবীর কাপুর ও নীতু কাপুর। এখন থেকে বাণিজ্যিক বা জনসমক্ষে ঋষি কাপুরের নাম ব্যবহারের ক্ষেত্রে পরিবারের আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, মূলত অভিনেতার জনপ্রিয়তাকে পুঁজি করে অনৈতিক বাণিজ্যিক ফায়দা তোলা বন্ধ করতেই এই বিশেষ রক্ষাকবচ। কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি এখন থেকে ঋষি কাপুরের নাম জড়িয়ে কোনো মার্চেন্ডাইজ, ব্র্যান্ড প্রচার বা পেশাদার প্রজেক্ট তৈরি করতে পারবে না। আন্তর্জাতিক স্তরে এই ধরনের ব্যবস্থা প্রচলিত থাকলেও ভারতের প্রেক্ষাপটে কাপুর পরিবারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

হিন্দি সিনেমার ইতিহাসে পাঁচ দশকের সফল কেরিয়ারে প্রায় দেড়শোর বেশি ছবিতে অভিনয় করেছেন ঋষি কাপুর। ২০২০ সালের ৩০ এপ্রিল তাঁর প্রয়াণের পর যাতে পর্দার ‘চিন্টু জি’-র নামের গরিমা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে, সেই দায়িত্বই কাঁধে তুলে নিয়েছেন তাঁর উত্তরসূরীরা। এই আইনি সিদ্ধান্তের ফলে ঋষি কাপুরের নাম বা পরিচিতি ব্যবহার করে যেকোনো ব্যবসায়িক মুনাফা লোটার পথ এখন থেকে কার্যত বন্ধ হয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *