একই দিনে ৬০ লক্ষ নামের নিষ্পত্তি! ভোটযজ্ঞের আগে ভোটার তালিকা নিয়ে বড় ঘোষণা কমিশনের

নির্বাচন কমিশন সোমবার ভোটার তালিকায় বিচারাধীন থাকা সমস্ত নামের নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে। রবিবার প্রকাশিত অতিরিক্ত তালিকায় ৬০ লক্ষ নামের মধ্যে ইতোমধ্যে ৫৮ লক্ষ নামের সমাধান হয়েছে বলে কমিশনের দাবি। আজ চূড়ান্ত তালিকা প্রকাশের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে কমিশন কাজ দ্রুত শেষ করার দাবি করলেও কতজনের নাম শেষ পর্যন্ত বাদ পড়েছে, তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়ে গেছে।
বিচারাধীন নামের নিষ্পত্তির কাজ শেষ পর্যায়ে থাকলেও ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, কমিশনের অতিরিক্ত তালিকায় বহু যোগ্য ভোটারের নাম রয়ে গেছে, অথচ ট্রাইব্যুনালগুলো পূর্ণদমে কাজ শুরু করতে পারেনি। বিচারবিভাগীয় আধিকারিকরা কাজ চালিয়ে গেলেও পরিকাঠামোগত সমস্যার কারণে সাধারণ মানুষ শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয় কাটছে না।
আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটের আগে আজই ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেওয়া হবে। ফলে নতুন করে তালিকায় নাম তোলার আর কোনো সুযোগ থাকবে না। প্রার্থীদের হাতে সংশোধিত তালিকা তুলে দেওয়া হবে ৯ এপ্রিল। অন্যদিকে, দ্বিতীয় দফার ভোটের আগে তালিকা চূড়ান্ত করার কাজ ৯ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। ট্রাইব্যুনালগুলোর কাজ স্বাভাবিক হতে আরও এক মাস সময় লাগতে পারে বলে কমিশন সূত্রে খবর।