একাই লড়বে একাই জিতবে, মমতার পাশে দাঁড়িয়ে ২০২৬ নির্বাচনের আগে হুঙ্কার অখিলেশের

২০২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে তপ্ত বাংলার রাজনীতি। দুই দফায় ভোটগ্রহণের প্রাক্কালে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সরব হলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এক্স হ্যান্ডলে মমতার মিছিলে হাঁটার ছবি পোস্ট করে অখিলেশ লিখেছেন, “একাই লড়বে, জিতবে এবং বিকশিত হবে!” বিজেপি বিরোধী জোটের অন্যতম মুখ হিসেবে তিনি বুঝিয়ে দিলেন, বাংলার লড়াইয়ে দিদির ওপরই পূর্ণ আস্থা রাখছে ইন্ডিয়া ব্লক।
মমতার সমর্থনে সুর চড়িয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও। নির্বাচন কমিশনের প্রশাসনিক রদবদল নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, দিল্লিতে যা ঘটেছিল বর্তমানে বাংলাতেও সেই একই চিত্র দেখা যাচ্ছে। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কেজরিওয়াল স্পষ্ট করেছেন যে গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। দুই হেভিওয়েট নেতার এই বার্তা নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।