একান্তে চার হাত এক করলেন কৃতিকা কামরা ও গৌরব কাপুর

টেলিভিশন তারকা কৃতিকা কামরা এবং সঞ্চালক গৌরব কাপুর গত ১১ মার্চ আইনি বিবাহের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। মুম্বইয়ে নিজেদের বাসভবনের ছাদে আয়োজিত এক ঘরোয়া অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি সারেন এই জুটি। বিয়ের বিশেষ মুহূর্তের ছবি সমাজমাধ্যমে শেয়ার করেছেন প্রখ্যাত আলোকচিত্রী জোসেফ রাধিক, যা ইতিমিধ্যেই ভাইরাল।
বিয়ের অনুষ্ঠানে কৃতিকা একটি সাবেকি লাল শাড়ি ও মানানসই গয়নায় সেজেছিলেন, অন্যদিকে গৌরবের পরনে ছিল বেইজ রঙের বন্দগলা কুর্তা। আড়ম্বরহীন এই আয়োজনে বিনোদন ও ক্রিকেট বিশ্বের নামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিতদের তালিকায় ফারহান আখতার, নেহা ধুপিয়া, যুবরাজ সিং এবং বীরেন্দ্র সহবাগের মতো তারকাদের দেখা গিয়েছে। পরিবেশবান্ধব থিম মেনে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল ছিমছাম ও মার্জিত।
বিয়ের রেশ কাটতে না কাটতেই ১২ মার্চ সহকর্মী ও বন্ধুদের জন্য বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করেছেন নবদম্পতি। ‘দ্য পার্টি, আফটার’ শীর্ষক এই অনুষ্ঠানে আমন্ত্রিতদের জন্য ব্যক্তিগত বার্তার মাধ্যমে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়েছে। ধীরেসুস্থে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়াই এই উদযাপনের মূল লক্ষ্য। বিলাসিতা নয়, বরং পারস্পরিক উষ্ণতা ও সহজ সাবলীলতাই এই বিয়ের মূল আকর্ষণ হয়ে উঠেছে।