একীভূত হওয়ার জল্পনায় বড় ইঙ্গিত সুনেত্রা পাওয়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, ঘোষণা মন্ত্রীর

মহারাষ্ট্রে দুই এনসিপি শিবিরের পুনর্মিলন নিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক জল্পনা নতুন মাত্রা পেয়েছে। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের আকস্মিক প্রয়াণের পর বর্তমানে দলের ব্যাটন সুনেত্রা পাওয়ারের হাতে। এই পরিস্থিতিতে দুই শিবিরের একীভূত হওয়া প্রসঙ্গে মহারাষ্ট্রের প্রভাবশালী মন্ত্রী অদিতি তাতকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে, দলের ভবিষ্যৎ এবং জোট নিয়ে সুনেত্রা পাওয়ার যে পথ বেছে নেবেন, সমস্ত নেতা-কর্মী তা দ্বিধাহীনভাবে মেনে নিতে প্রস্তুত।
মন্ত্রী অদিতি তাতকারে বুধবার এক সংবাদ সম্মেলনে দলের সংহতির ওপর জোর দিয়ে বলেন, দলের প্রতিটি স্তরের কর্মীরা সুনেত্রা পাওয়ারের নেতৃত্বের প্রতি আস্থাশীল। তাঁর পেছনে পুরো দল ঐক্যবদ্ধ রয়েছে। সুনেত্রা পাওয়ারের নির্দেশই দলের চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে। বর্তমানে মূল এনসিপি হিসেবে স্বীকৃত অজিতপন্থী শিবিরের এই অবস্থান রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্য বহন করছে, যা দীর্ঘদিনের বিভাজন মেটানোর ইঙ্গিত হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ২৮ জানুয়ারি বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর পর থেকেই শরদ পাওয়ারের নেতৃত্বাধীন শিবিরের সঙ্গে মূল দলের মিশে যাওয়ার গুঞ্জন জোরালো হয়। অজিত পাওয়ারের উত্তরসূরি হিসেবে দলের প্রধানের দায়িত্ব নেওয়া সুনেত্রা পাওয়ার এখন কোন সিদ্ধান্ত নেন, তার ওপরই নির্ভর করছে মহারাষ্ট্রের রাজনীতির পরবর্তী সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সুনেত্রার একটি সিদ্ধান্তই মহারাষ্ট্রের এনসিপি রাজনীতির বিবাদ চিরতরে মিটিয়ে দিতে পারে।