এক কোটিরও বেশি চাকরির পাহাড় নিয়ে বড় ঘোষণা গডকরির

দেশজুড়ে খুলছে ১২০টি নতুন ড্রাইভিং স্কুল। সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, আগামী পাঁচ বছরে দেশের ১২০টি আকাঙ্ক্ষিত জেলা এবং ৫০০টি পিছিয়ে পড়া ব্লকে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো তৈরি করা হবে। অভিনেতা আমির খানের উপস্থিতিতে একটি সড়ক সুরক্ষা অনুষ্ঠানে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ২২ লক্ষ চালকের অভাব রয়েছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে প্রায় ১ কোটি যুবক কর্মসংস্থানের সুযোগ পাবেন।
সড়ক দুর্ঘটনার ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গডকরি বলেন, ভারত বর্তমানে পথ দুর্ঘটনায় বিশ্বে শীর্ষে। প্রতি বছর দেশে ৫ লক্ষের বেশি দুর্ঘটনায় প্রায় ১.৮ লক্ষ মানুষের মৃত্যু হয়, যার ৬৬ শতাংশই ১৮ থেকে ৪৪ বছর বয়সী। এর ফলে দেশের জিডিপির ৩ শতাংশ ক্ষতি হচ্ছে। দুর্ঘটনা রোধে ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে বিপজ্জনক মোড় সংস্কার এবং পাহাড়ের ধসপ্রবণ এলাকা মেরামতের কাজ চলছে।
অনুষ্ঠানে আমির খান সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ না থাকলেও নিজের প্রাণের তাগিদেই হেলমেট ও সিট বেল্ট ব্যবহার করা উচিত। স্কুল বাসে শিশুদের নিরাপত্তার জন্য সিট বেল্ট বাধ্যতামূলক করারও প্রস্তাব দেন এই অভিনেতা। নীতিন গডকরি আশাপ্রকাশ করেছেন যে, আগামী পাঁচ বছরে ভারতীয় অটোমোবাইল শিল্প বিশ্বের এক নম্বর স্থানে পৌঁছে যাবে।