এক ঝটকায় ২৬৭ আধিকারিক বদল! কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা

নির্বাচন কমিশনের নজিরবিহীন পদক্ষেপের পাল্টা আইনি লড়াই শুরু করল রাজ্য। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে বিডিও এবং ওসি মিলিয়ে মোট ২৬৭ জন সরকারি আধিকারিককে সরিয়ে দেওয়ার যে নির্দেশ কমিশন দিয়েছিল, সোমবার তার বিরুদ্ধেই সরব হয়েছে কলকাতা হাইকোর্ট। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই গণ-বদলির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন।
রবিবার রাজ্যজুড়ে পুলিশ ও প্রশাসনে বড়সড় রদবদল ঘটায় নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছেন ভবানীপুর ও নন্দীগ্রামের মতো হাই-প্রোফাইল কেন্দ্রের ওসি-সহ মোট ১৮৪ জন পুলিশ আধিকারিক। পাশাপাশি ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর থেকে সর্বোচ্চ ১৪ জন এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে ১১ জন বিডিও-কে সরানো হয়েছে।
আদালতে মামলাকারীর দাবি, যে পদ্ধতিতে ঢালাও বদলি করা হচ্ছে তা অনেকটা রাষ্ট্রপতি শাসনের সমতুল্য। কমিশনের এই একতরফা সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দেওয়ায় চলতি সপ্তাহেই বিষয়টির আইনি ফয়সালা হওয়ার সম্ভাবনা রয়েছে। ভোট ঘোষণার পর থেকে রাজ্যে আধিকারিক অপসারণের এই ঘটনাকে কেন্দ্র করে এখন প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।