এক থালায় খাবার খেলে বাড়ছে দাম্পত্য কলহ না কি প্রেম? জানুন শাস্ত্রে কী নিদান রয়েছে

স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াতে অনেকেই একসঙ্গে এক থালায় খাবার খেয়ে থাকেন। বিশেষ করে নবদম্পতিদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। প্রচলিত ধারণা অনুযায়ী এটি প্রেমের প্রতীক হলেও শাস্ত্রীয় মতে এর ফলাফল হতে পারে অত্যন্ত ভয়ংকর। নিয়মিত এক পাত্রে আহার করলে অজান্তেই দাম্পত্য জীবনে নেমে আসতে পারে অন্ধকারের ছায়া।
শাস্ত্র অনুযায়ী স্বামী-স্ত্রী নিয়মিত এক থালায় খাবার খেলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। এর সরাসরি প্রভাব পড়ে পরিবারের আর্থিক অবস্থার ওপর। সচ্ছল সংসারেও অভাব-অনটন দেখা দিতে পারে এবং সময়ের সঙ্গে সঙ্গে দারিদ্র্য বাড়ার আশঙ্কা থাকে। মাঝেমধ্যে দু-একদিন এক থালায় খাওয়া যেতে পারে, তবে এটিকে অভ্যাসে পরিণত না করাই শ্রেয়।
পাশাপাশি শাস্ত্র বলছে যে নিয়মিত এক থালায় খেলে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টির সম্ভাবনা থাকে। তুচ্ছ বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয় যা ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে। এমনকি এতে একে অপরের প্রতি দায়িত্ববোধ হ্রাস পায় এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়।
শাস্ত্রে আরও উল্লেখ আছে যে খাবার কেউ ডিঙিয়ে গেলে বা কারও পা খাবারের পাত্র স্পর্শ করলে সেই অন্ন গ্রহণ করা অনুচিত। এই ধরনের অভ্যাস মানুষকে নেতিবাচক শক্তির জালে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলে। তাই দাম্পত্য সুখ ও পারিবারিক শান্তি বজায় রাখতে শাস্ত্রে স্বামী-স্ত্রীর পৃথক পাত্রে আহার করার পরামর্শ দেওয়া হয়েছে।