এক ধাক্কায় ভোল বদলে যাবে দক্ষিণ ভারতের! চেন্নাই পৌঁছাচ্ছেন মোদী, পিছু পিছু আসছে ৭১০০ কোটির ঝুলি

স্মার্ট সিটি, উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে আধুনিক শিক্ষা— দক্ষিণের দুই রাজ্য তামিলনাড়ু ও পুদুচেরির ভাগ্য ফিরতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। ১ মার্চ এক মেগা সফরের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী। এই সফরে মোট ৭১০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন তিনি।
পুদুচেরিতে উন্নয়নের জোয়ার
২৮ ফেব্রুয়ারি রাতেই চেন্নাই পৌঁছে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ১ মার্চ বেলা পৌনে ১২টা নাগাদ তিনি পুদুচেরিতে পা রাখবেন। সেখানে ২৭০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের ডালি সাজানো রয়েছে। সাধারণ মানুষের সুবিধার্থে ই-বাস পরিষেবার সূচনা থেকে শুরু করে স্মার্ট সিটি মিশনের আওতায় ‘ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার’— সব মিলিয়ে এক অত্যাধুনিক পরিকাঠামোর স্বপ্ন দেখছে পুদুচেরি। এছাড়াও প্রধানমন্ত্রী সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন।
শিক্ষা ও স্বাস্থ্যের ক্ষেত্রেও বড় ঘোষণা আসতে চলেছে। কারাইকালের এনআইটি-তে ড. এপিজে আব্দুল কালাম ইঞ্জিনিয়ারিং ব্লক এবং জিপমারে (JIPMER) রিজিউনাল ক্যান্সার সেন্টারের আধুনিকীকরণের কাজও জাতির উদ্দেশে উৎসর্গ করবেন তিনি। পাশাপাশি ৭৫০ একর জুড়ে বিস্তৃত কারাসুর-সেদরাপেট শিল্পাঞ্চলও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, যা কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেবে।
মাদুরাইয়ের জন্য ৪৪০০ কোটির উপহার
পুদুচেরির কাজ সেরে প্রধানমন্ত্রী উড়ে যাবেন মাদুরাইয়ে। সেখানে বিকেল ৩টে নাগাদ ৪৪০০ কোটি টাকার পরিকাঠামো প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে এনএইচ-৩৩২এ এবং এনএইচ-৮৭-এর ফোর-লেনিং প্রকল্পের কাজ শুরু হবে তাঁর হাত ধরেই। রেল যোগাযোগেও আসছে আমূল পরিবর্তন। ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় ৮টি পুনর্নির্মিত রেলস্টেশন এবং চেন্নাই বিচ-এগমোর চতুর্থ রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আধ্যাত্মিক ছোঁয়া ও জনসভা
কেবল উন্নয়নই নয়, প্রধানমন্ত্রীর এই সফর সূচিতে রয়েছে ভক্তি ও জনসংযোগের মেলবন্ধন। বিকেল ৪টে নাগাদ থিরুপ্পারানকুন্দ্রমের বিখ্যাত অরুলমিগু সুব্রহ্মণ্যস্বামী মন্দিরে পুজো দেবেন তিনি। মাদুরাই এবং পুদুচেরি— দুই জায়গাতেই বিশালাকার জনসভায় অংশ নিয়ে দক্ষিণের মানুষের মন জয়ের চেষ্টা করবেন মোদী।
তামিলনাড়ুতে সম্প্রচার পরিষেবা আরও শক্তিশালী করতে কুম্ভকোণম, ইয়ারকাড এবং ভেলোরে তিনটি নতুন আকাশবাণী এফএম রিলে ট্রান্সমিটারেরও উদ্বোধন হবে এই সফরে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী মোদীর এই মেগা সফর তামিলনাড়ু ও পুদুচেরির আর্থ-সামাজিক মানচিত্র বদলে দিতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।