এক ধাক্কায় ১৯ দিন কমলো বিএসএনএল-এর জনপ্রিয় রিচার্জ প্ল্যানের মেয়াদ

এক ধাক্কায় ১৯ দিন কমলো বিএসএনএল-এর জনপ্রিয় রিচার্জ প্ল্যানের মেয়াদ

বিএসএনএল গ্রাহকদের জন্য বড় দুঃসংবাদ। মাত্র ১৯৭ টাকার যে প্রিপেইড প্ল্যানটি এতদিন সাধারণ মানুষের পকেটের কথা ভেবে রমরমিয়ে চলছিল, তার মেয়াদ এবার এক ধাক্কায় অনেকটা কমিয়ে দিল রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা। জুলাই ২০২৫-এ একবার মেয়াদ কমানোর পর কয়েক মাসের মাথায় ফের গ্রাহকদের ওপর কোপ পড়ল।

আগে ১৯৭ টাকার এই প্ল্যানে ৭০ দিনের বৈধতা পাওয়া যেত। পরে তা কমিয়ে ৫৪ দিন করা হয়েছিল। এবার টেলিকম টকের রিপোর্ট অনুযায়ী, সেই মেয়াদ আরও ১৯ দিন কমিয়ে মাত্র ৩৫ দিন করে দেওয়া হয়েছে। যদিও এই হিসেবে দৈনিক খরচ পড়ছে প্রায় ৫.৬৩ টাকা, তবুও মেয়াদের এই বিশাল কাটছাঁট ব্যবহারকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

এই প্ল্যানের অফার ও সুবিধাসমূহ

মেয়াদ কমলেও প্ল্যানের বাকি সুবিধাগুলো প্রায় একই রাখা হয়েছে। ১৯৭ টাকার রিচার্জে গ্রাহকরা পাচ্ছেন ৫ জিবি হাই-স্পিড ডেটা এবং মোট ১০০টি এসএমএস। এর পাশাপাশি ৩০০ মিনিটের ভয়েস কলিংয়ের সুবিধাও থাকছে। ৫ জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর ইন্টারনেটের গতি কমে ৪০ কেবিপিএস হয়ে যাবে, তবে আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে। বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইট বা সেলফ-কেয়ার অ্যাপ থেকে সারা দেশের গ্রাহকরা এই আপডেট হওয়া প্ল্যানটি রিচার্জ করতে পারবেন।

এয়ারটেল বনাম বিএসএনএল

অন্যদিকে সমতুল্য দামে এয়ারটেলের ১৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে। তবে সেখানে ২৮ দিনের মেয়াদে মাত্র ২ জিবি হাই-স্পিড ডেটা পাওয়া যায়। যদিও এয়ারটেল আনলিমিটেড কলিং এবং অতিরিক্ত সুবিধা হিসেবে অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম ও এয়ারটেল এক্সস্ট্রিম প্লে-এর মতো অফার দেয়। বিএসএনএল মেয়াদের দিক থেকে এয়ারটেলের চেয়ে কিছুটা এগিয়ে থাকলেও বারবার বৈধতা কমিয়ে দেওয়াটা গ্রাহক মহলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *