এক মাসের মধ্যেই ফের শ্রীঘরে নোবেল, শর্ত ভঙ্গ করায় বাতিল জামিন

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাৎ ও তরুণীকে হেনস্থার অভিযোগে ফের গ্রেফতার হলেন বাংলাদেশের বিতর্কিত সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। গত ফেব্রুয়ারি মাসে শর্তসাপেক্ষে জামিন পেলেও সেই শর্ত পালনে ব্যর্থ হওয়ায় আদালত তাঁর জামিন বাতিলের নির্দেশ দেয়। ফলে মুক্তির এক মাস পার হতে না হতেই আবারও জেল হাজতে ঠাঁই হলো এই গায়কের।
অভিযোগ অনুযায়ী, শবনম রোজা নামের এক মহিলার কাছ থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন নোবেল। আদালত তাঁকে টাকা ফেরত ও বিয়ে করার শর্তে মুক্তি দিলেও তিনি তা মানেননি; উল্টো অভিযোগকারিণীকে মারধর করেন বলে জানা গেছে। বৃহস্পতিবার শুনানির পর আদালত নোবেলের নতুন জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করে।
নোবেলের বিরুদ্ধে এটিই প্রথম অভিযোগ নয়। এর আগেও নারীঘটিত কেলেঙ্কারি, প্রতারণা, মাদক সেবন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য করে তিনি বারবার আইনি জটে পড়েছেন। গতবার আদালত চত্বরে দাঁড়িয়ে তিনি বলেছিলেন ‘মানুষ মাত্রই ভুল হয়’, কিন্তু ফের গ্রেফতারি তাঁর বিতর্কিত ভাবমূর্তিকে আবারও জনসমক্ষে নিয়ে এল।