এক রাতেই শেষ হতে পারে ইরান, ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারিতে কাঁপছে মধ্যপ্রাচ্য

এক রাতেই শেষ হতে পারে ইরান, ট্রাম্পের ভয়ঙ্কর হুঁশিয়ারিতে কাঁপছে মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে ইরান বনাম আমেরিকা ও ইজরায়েলের রক্তক্ষয়ী যুদ্ধ ৩৮ দিন পার করল। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানকে সরাসরি চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে দেওয়া পূর্বঘোষিত ‘ডেডলাইন’ বা সময়সীমা আজ ৭ এপ্রিল শেষ হচ্ছে। এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ট্রাম্প সাফ জানিয়েছেন, মার্কিন সামরিক শক্তি চাইলে মাত্র এক রাতেই পুরো ইরান দেশটিকে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা বর্তমানে অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে। আক্রমণাত্মক মেজাজে তিনি বলেন, “পুরো দেশ এক রাতেই ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব এবং সেই রাতটি সম্ভবত আগামীকালই হতে পারে।” তার এই মন্তব্যে নতুন করে বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহতা ও উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে।

এই সংবাদ সম্মেলনেই ট্রাম্প ইরানে ভেঙে পড়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের ঘটনাকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন। শত্রুপক্ষের ভূখণ্ডের গভীরে ঢুকে মার্কিন সেনাদের নিরাপদে ফিরিয়ে আনতে ২১টি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছিল। এই দুঃসাহসিক অভিযানকে আমেরিকার সামরিক ইতিহাসের অন্যতম সফল অপারেশন হিসেবে বর্ণনা করে তিনি জানান, সেনাদের রক্ষায় যা যা প্রয়োজন সব করার নির্দেশ দেওয়া হয়েছে।

যুদ্ধের পরিসংখ্যান তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট জানান, গত ৩৭ দিনে ইরানের আকাশসীমায় ১০ হাজারেরও বেশি যুদ্ধবিমান উড়িয়েছে আমেরিকা, যা এক কথায় নজিরবিহীন। মূলত হরমুজ প্রণালী ও সংলগ্ন এলাকায় আধিপত্য বজায় রাখতে ইরানকে ৪৮ ঘণ্টার চরম সময়সীমা আগেই দিয়েছিলেন তিনি। সেই মেয়াদের শেষ লগ্নে এসে ট্রাম্পের এই হুঙ্কার ইরান সরকারকে বড়সড় চাপের মুখে ফেলেছে।

বর্তমানে আন্তর্জাতিক মহলের নজর মঙ্গলবার রাতের দিকে। ট্রাম্পের ইঙ্গিত অনুযায়ী ওয়াশিংটন কোনো বড় সামরিক পদক্ষেপ নেয় কি না, তা নিয়ে তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংঘাত এখন কোন দিকে মোড় নেয়, তার ওপর নির্ভর করছে বৈশ্বিক ভূ-রাজনীতির ভবিষ্যৎ। ইরানের পক্ষ থেকে পালটা কোনো প্রতিক্রিয়া না এলেও যুদ্ধের দামামা যে আরও জোরালো হচ্ছে, তা স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *