এনসিইআরটি-র বই নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট, সচিব ও পরিচালককে শোকজ

এনসিইআরটি-র বই নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট, সচিব ও পরিচালককে শোকজ

অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান পাঠ্যবইয়ে বিচার বিভাগকে অবমাননার অভিযোগে নজিরবিহীন পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এনসিইআরটি প্রকাশিত বইটির মুদ্রণ ও ডিজিটাল প্রচারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। আদালত জানায়, সংশ্লিষ্ট অধ্যায়ের বিষয়বস্তু বিচারব্যবস্থাকে কলঙ্কিত করার এক পরিকল্পিত প্রচেষ্টা এবং গুরুতর অসদাচরণের শামিল।

শীর্ষ আদালতের কড়া নির্দেশে ইতিমধ্যে বাজারজাত হওয়া সব কপি বাজেয়াপ্ত ও সিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা সচিব ও এনসিইআরটি পরিচালকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিস জারি করে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে। এছাড়া, বিতর্কিত অধ্যায়টির রচয়িতাদের নাম ও যোগ্যতার বিস্তারিত তথ্য এবং বিষয়বস্তু নির্ধারণের কার্যবিবরণী আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, অধ্যায়টি প্রত্যাহার করা হয়েছে এবং এনসিইআরটি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখপ্রকাশ করেছে। তবে আদালত স্পষ্ট করেছে যে, গণতান্ত্রিক সমালোচনা গ্রহণযোগ্য হলেও বিচারব্যবস্থার মর্যাদা খর্ব করার কোনো ষড়ষন্ত্র বরদাস্ত করা হবে না। ইলেকট্রনিক মাধ্যমে বইটির প্রচার রুখতেও কেন্দ্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *