এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গে তীব্র দহনজ্বালা বাড়বে তাপমাত্রা, জারি সতর্কবার্তা

এপ্রিলের শুরুতেই দক্ষিণবঙ্গে তীব্র দহনজ্বালা বাড়বে তাপমাত্রা, জারি সতর্কবার্তা

মার্চ মাসে দফায় দফায় কালবৈশাখীর প্রভাবে গরমের দাপট কম থাকলেও, এপ্রিলের শুরু থেকেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম বাতাসের প্রভাবে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অস্বস্তিকর গরম বজায় থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

উষ্ণতা বৃদ্ধির আশঙ্কায় কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান-সহ বেশ কিছু জেলায় ইতিমধ্যেই ‘হলুদ’ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, আগামী চার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ধাপে ধাপে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বুধবার কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় অনেকটা বাড়লেও তা স্বাভাবিকের নিচেই ছিল। তবে আজ বৃহস্পতিবার তিলোত্তমার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

তীব্র গরমের এই স্পেল দীর্ঘস্থায়ী হবে না বলেই আশা দিচ্ছে হাওয়া অফিস। ৫ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গে পুনরায় বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্প থাকায় স্থানীয়ভাবেও ঝড়বৃষ্টি হতে পারে। এর আগে বুধবার বীরভূম ও মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হওয়ায় জনজীবনে সাময়িক স্বস্তি মিলেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *