এবার আরডিএক্স দিয়ে ডিএম অফিস ও পোস্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি

এবার আরডিএক্স দিয়ে ডিএম অফিস ও পোস্ট অফিস উড়িয়ে দেওয়ার হুমকি

পরপর তিন দিন ধরে ধেয়ে আসছে হুমকি ইমেল। শুক্রবার সকালে সরাসরি হাওড়ার জেলাশাসকের দফতর এবং মেন পোস্ট অফিস আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসায় চরম উত্তেজনা ছড়াল প্রশাসনিক মহলে। বেলা ১২টা ১০ মিনিটে বিস্ফোরণ ঘটবে— ইমেলে এই সময়সীমা বেঁধে দেওয়ায় আতঙ্কে তড়িঘড়ি খালি করে দেওয়া হয় সরকারি ভবনগুলি।

থমথমে হাওড়া জেলাশাসকের দফতর ও পোস্ট অফিস

সকাল ১১টা নাগাদ হাওড়া মেন পোস্ট অফিসের সরকারি ইমেলে প্রথম এই হুমকির বার্তাটি আসে। মুহূর্তের মধ্যে খবর চাউর হতেই অফিস চত্বরে হুড়োহুড়ি পড়ে যায়। পোস্ট অফিসের সুপারভাইজার সুব্রত দাস জানান, বেলা ১১টা নাগাদ মেলটি পাওয়ার পরপরই সতর্কতা হিসেবে দফতর খালি করে পুলিশকে খবর দেওয়া হয়। প্রায় একই সময়ে জেলাশাসকের দফতরেও অনুরূপ হুমকি আসায় আতঙ্কিত কর্মীরা রাস্তায় বেরিয়ে আসেন।

বম্ব স্কোয়াডের চিরুনি তল্লাশি

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী। স্নিফার ডগ, মেটাল ডিটেক্টর এবং বম্ব স্কোয়াড নিয়ে শুরু হয় নিবিড় তল্লাশি। পোস্ট অফিসের প্রধান গেট বন্ধ করে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। জেলাশাসকের দফতরেও দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়। তবে প্রাথমিক তদন্তে কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বলেই পুলিশ সূত্রে খবর।

ঘনীভূত রহস্য ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

গত তিন দিন ধরে একইভাবে সরকারি দফতরগুলোতে হুমকির ইমেল আসায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার আদালত চত্বর, বৃহস্পতিবার একাধিক পোস্ট অফিস এবং শুক্রবার জেলাশাসকের দফতরে এই ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত ইমেলের উৎস খুঁজে পায়নি প্রশাসন।

হাওড়া সিটি পুলিশের এক শীর্ষকর্তা জানিয়েছেন, সাইবার সেলের মাধ্যমে আইপি অ্যাড্রেস ট্র্যাক করার কাজ চলছে। এটি কেবল ভয় দেখানোর চেষ্টা নাকি এর নেপথ্যে বড় কোনও ষড়যন্ত্র রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে নিরাপত্তা ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *