এমআর বাঙুর হাসপাতালে জটিল অস্ত্রোপচার, কিশোরের হাড় থেকে বের করা হলো বন্দুকের গুলি
.jpeg.webp?w=1024&resize=1024,572&ssl=1)
উত্তর ২৪ পরগনার সন্দেশখালির এক ১৪ বছর বয়সী কিশোর দোল উৎসবের মেলায় গিয়ে বন্দুকের গুলিতে গুরুতর আহত হয়। মেলায় বেলুন ফাটানোর সময় আচমকাই একটি গুলি তার বাঁ হাতের চামড়া ফুঁড়ে হাড়ের গভীরে গিয়ে আটকে যায়। স্থানীয় চিকিৎসকরা প্রথমে বিষয়টি ধরতে না পারলেও, অসহ্য যন্ত্রণার কারণে পরিবার তাকে কলকাতার এমআর বাঙুর হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. জে ধারার নেতৃত্বে চিকিৎসকরা অত্যন্ত তৎপরতার সাথে পরিস্থিতি পর্যালোচনা করেন। হাড়ের ভেতরে লুকিয়ে থাকা গুলিটির সঠিক অবস্থান নির্ণয় করা কঠিন ছিল। তবে অপারেশন থিয়েটারে থাকা অত্যাধুনিক ‘সি-আর্ম’ এক্স-রে মেশিনের সাহায্যে নিখুঁতভাবে গুলির অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। এই প্রযুক্তির ব্যবহারের ফলে কম বিকিরণ ও স্বচ্ছ ইমেজিংয়ের মাধ্যমে দ্রুত অস্ত্রোপচার শুরু করা যায়।
হাসপাতালের সুপার ডা. শিশির নস্কর জানিয়েছেন, সঠিক সময়ে এই জটিল অস্ত্রোপচার না হলে বড় ধরনের সংক্রমণ বা প্রাণসংশয়ের ঝুঁকি ছিল। সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই আধুনিক চিকিৎসা পরিষেবা পেয়ে কিশোরটি এখন বিপদমুক্ত। ডা. নিলয় নারায়ণ সরকার এবং অ্যানেস্থেটিস্টদের বিশেষ টিমের প্রচেষ্টায় সফল এই অস্ত্রোপচারের পর কিশোরটি বর্তমানে সুস্থ এবং বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে।