এয়ার ইন্ডিয়ার চরম গাফিলতি! মাঝ আকাশ থেকে কেন ফিরতে হলো দিল্লি? বিপাকে যাত্রীরা

গন্তব্য ছিল কানাডা কিন্তু মাঝ আকাশ থেকেই ঘুরিয়ে দেওয়া হলো এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গেছে এক অবিশ্বাস্য ভুলের কথা। যে বিমানটি নিয়ে যাত্রীরা রওনা দিয়েছিলেন সেটির কানাডার আকাশসীমায় ঢোকার কোনো আইনি অনুমতিই ছিল না। ফলে টানা আট ঘণ্টা আকাশে ওড়ার পর কয়েকশো যাত্রী নিয়ে ফের দিল্লিতেই ফিরে আসতে হলো বিমানটিকে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভ্যাঙ্কুভারের উদ্দেশে রওনা দেয় এআই-১৮৫ বিমানটি। বিমানটি যখন চিনের কুনমিং এলাকার কাছাকাছি পৌঁছোয় তখনই টনক নড়ে কর্তৃপক্ষের। দেখা যায় বোয়িং ৭৭৭-২০০ এলআর মডেলের এই বিশেষ বিমানটির কানাডায় নামার কোনো ছাড়পত্র নেই। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো দেশে বিমান পাঠানোর আগে সেই দেশের সরকারের বিশেষ অনুমতি প্রয়োজন হয় যা এই বিমানটির ক্ষেত্রে ছিল না।
ভুল বুঝতে পেরেই মাঝ আকাশ থেকে বিমানটিকে দিল্লিতে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। এর ফলে কয়েকশো যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এই ঘটনাকে পরিচালনগত ত্রুটি হিসেবে স্বীকার করে নিয়েছে এবং যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চেয়েছে। মাঝপথে ফিরে আসা যাত্রীদের রাতে হোটেলে থাকার ব্যবস্থা করা হয় এবং শুক্রবার সকালে বিকল্প বিমানে তাঁদের গন্তব্যে পাঠানো হয়েছে।
এই নজিরবিহীন ভুলের কারণে এয়ার ইন্ডিয়াকে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। কয়েক লক্ষ টাকার জ্বালানি নষ্ট হওয়ার পাশাপাশি সংস্থার পেশাদারিত্ব নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। কেন অনুমতি ছাড়া বিমানটিকে ওড়ানোর ছাড়পত্র দেওয়া হলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।