এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করল কেন্দ্র

আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা এবং ভর্তুকির অপব্যবহার রুখতে সব এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার যাচাইকরণ বা ই-কেওয়াইসি (e-KYC) বাধ্যতামূলক করল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাতের জেরে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত কালোবাজারি বন্ধ করা এবং গৃহস্থালির সিলিন্ডার বাণিজ্যিক ক্ষেত্রে অবৈধ ব্যবহার ঠেকিয়ে বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনাই সরকারের মূল লক্ষ্য।
গ্রাহকরা এখন ঘরে বসেই সংশ্লিষ্ট গ্যাস কো ম্পা নির মোবাইল অ্যাপ অথবা ‘আধার ফেসআরডি’ অ্যাপের মাধ্যমে সহজেই এই ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। যারা স্মার্টফোন ব্যবহারে স্বচ্ছন্দ নন, তারা নিকটস্থ গ্যাস ডিস্ট্রিবিউটরের দপ্তরে গিয়ে আঙুলের ছাপ বা আইরিস স্ক্যানের মাধ্যমে ই-কেওয়াইসি জমা দিতে পারবেন। এর ফলে প্রকৃত গ্রাহকদের কাছে সরাসরি ভর্তুকির সুবিধা পৌঁছানো নিশ্চিত হবে বলে আশা করছে মন্ত্রক।
নির্ধারিত সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন না করলে গ্রাহকরা সমস্যার সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে এলপিজি সিলিন্ডারের রিফিল পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি সাময়িকভাবে সরকারি ভর্তুকিও বন্ধ হয়ে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে রান্নার গ্যাসের কৃত্রিম সংকট এড়াতে এবং জ্বালানি সরবরাহ সুশৃঙ্খল রাখতে সাধারণ মানুষকে দ্রুত এই যাচাইকরণ প্রক্রিয়া শেষ করার পরামর্শ দেওয়া হয়েছে।