এলপিজি নিয়ে গুজব রুখতে কড়া কেন্দ্র, কালোবাজারি রুখতে রাজ্যগুলোকে বিশেষ নির্দেশ

এলপিজি নিয়ে গুজব রুখতে কড়া কেন্দ্র, কালোবাজারি রুখতে রাজ্যগুলোকে বিশেষ নির্দেশ

রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে লাগাম টানতে কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের সচিব ডঃ নীরজ মিত্তাল দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি লিখে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুল তথ্যের কারণে সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক তৈরি হচ্ছে, যার ফলে অনেকেই প্রয়োজনের অতিরিক্ত সিলিন্ডার মজুত করছেন। এই প্যানিক বায়িং বা আতঙ্কিত কেনাকাটা বন্ধ করতেই প্রশাসনের এই তৎপরতা।

কেন্দ্রীয় নির্দেশিকায় জানানো হয়েছে যে, বর্তমানে মাত্র ১৭টি রাজ্য নিয়মিতভাবে সংবাদ সম্মেলন করে পরিস্থিতি ব্যাখ্যা করছে, যা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট নয়। তাই রাজ্যগুলোকে প্রতিদিন উচ্চপর্যায়ে প্রেস ব্রিফিং করার এবং সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমের সাহায্যে সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি গ্যাস সিলিন্ডারের কালোবাজারি এবং অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতে বলা হয়েছে।

বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধের জেরে তৈরি হওয়া এলপিজি সংকটকে ভারত সরকার অভ্যন্তরীণ পরিকাঠামো উন্নয়নের সুযোগ হিসেবে দেখছে। সরকার আমদানিকৃত এলপিজির ওপর নির্ভরশীলতা ও ভরতুকির খরচ কমাতে দ্রুত পাইপলাইন গ্যাস বা সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সম্প্রসারণের ওপর জোর দিচ্ছে। সম্প্রতি নতুন পাইপলাইন অনুমোদনের জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। পেট্রোলিয়াম সচিবের মতে, এই সংকটের মোকাবিলা করেই সারা দেশে দ্রুত গ্যাস নেটওয়ার্ক বিস্তৃত করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *