এলপিজি সংকটে বিপাকে পরিযায়ী শ্রমিকেরা: কাজ হারিয়ে ফিরছেন গ্রামে

দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট ও আকাশছোঁয়া দামের কারণে চরম সংকটে পড়েছেন পরিযায়ী শ্রমিকেরা। দিল্লি, মুম্বই ও হায়দরাবাদের মতো বড় শহরগুলোতে রান্নার গ্যাসের দাম বাড়ায় সাধারণ হোটেলের খাবারের দামও বৃদ্ধি পেয়েছে। স্বল্প আয়ের এই শ্রমিকদের পক্ষে দু’বেলা খাবার জোটানো আসাম্ভব হয়ে পড়ায় তারা ফের গ্রামে ফিরতে শুরু করেছেন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, বহু শ্রমিকের কাছে বর্তমান অবস্থা করোনাকালের লকডাউনের ভয়াবহ স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে।
গ্যাসের কালোবাজারি ও উচ্চমূল্যের প্রভাবে ছোট ছোট ধাবা ও রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নয়ডার মতো এলাকায় রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম আড়াই হাজার টাকায় পৌঁছানোয় সাধারণ খাবারের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর ফলে বড় শহরগুলোর নির্মাণকাজ এবং রেস্তোরাঁ ব্যবসায় কর্মীসংকট দেখা দিয়েছে। বিশেষ করে খাবার ডেলিভারি বা গিগ কর্মীরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার ফলে লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে তাঁরা বড় শহরে টিকে থাকতে পারছেন না। খাবার ডেলিভারি পরিষেবা প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কমে যাওয়ায় আয়ের পথ রুদ্ধ হয়েছে। বিকল্প কোনো পথ না থাকায় নিজেদের ভিটেমাটিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই বিশাল সংখ্যক শ্রমজীবী মানুষ। এই গণপ্রস্থানের ফলে বড় শহরগুলোর ছোট শিল্প ও খাদ্য পরিষেবা খাত কার্যত স্থবির হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।