এলপিজি সংকট কাটাতে ভারতের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিল ইরান

দেশের এলপিজি সংকট নিরসনে বড় স্বস্তি নিয়ে এল ইরান। ভারতগামী এলপিজিতে পরিপূর্ণ দুটি জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের অনুমতি দিয়েছে তেহরান। এ বিষয়ে ভারতের নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতলি জানিয়েছেন, বন্ধুপ্রতিম ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুদ্ধের আবহে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াত নিয়ে উদ্বেগ থাকলেও, ইরান ও ভারতের কৌশলগত বন্ধুত্বের খাতিরে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন প্রান্তে এলপিজি সিলিন্ডার নিয়ে যে হাহাকার তৈরি হয়েছিল, তা দ্রুত মিটবে বলে আশা করা হচ্ছে। রাষ্ট্রদূত আরও উল্লেখ করেছেন, কঠিন সময়ে ভারত সবসময় ইরানের পাশে থেকেছে। বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতার মধ্যেও দুই দেশের পারস্পরিক সহযোগিতার এই নজির জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এখন দ্রুত ভারতীয় ট্যাংকারগুলো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে।