এলপিজি সংকট: কাঠের উনুনে চলছে শ্রমজীবী হাসপাতালের রান্না, চরম দুর্ভোগে রোগী ও পরিজনরা

তীব্র এলপিজি সংকটের জেরে কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে বেলুড় ও শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে। দীর্ঘ কয়েকদিন ধরে পর্যাপ্ত সিলিন্ডার না মেলায় বিকল্প হিসেবে কাঠের উনুনে রান্না করতে বাধ্য হচ্ছেন কর্মীরা। ১৯৯৪ সাল থেকে পরিষেবা দিয়ে আসা এই হাসপাতালের প্রায় ২০০ জন রোগী, চিকিৎসক ও কর্মীর জন্য প্রতিদিন খাবারের ব্যবস্থা করা হয়। জ্বালানির অভাবে বর্তমানে মাত্র দু-একটি পদ রান্না করে কোনোমতে পরিস্থিতি সামাল দেওয়া হচ্ছে। ধোঁয়ার কারণে হাসপাতালের পরিবেশে যেমন সমস্যা হচ্ছে, তেমনই বিপাকে পড়েছেন রন্ধনকর্মীরাও।
এই সংকটের প্রভাব পড়েছে হাসপাতালের আশপাশের ছোট হোটেল ও যাতায়াত ব্যবস্থাতেও। গ্যাসের অভাবে অনেক ভাতের দোকান বন্ধ হয়ে যাওয়ায় দূরদূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়রা অভুক্ত থাকছেন। বিশেষ করে অস্ত্রোপচারের দিনে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। অন্যদিকে, পর্যাপ্ত এলপিজি না থাকায় শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতাল থেকে শেওড়াফুলি স্টেশন পর্যন্ত অধিকাংশ অটো চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ফলে অসুস্থ রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন অন্তত দশটি সিলিন্ডারের প্রয়োজন থাকলেও মিলছে মাত্র একটি বা দুটি। হাসপাতালের সহ-সম্পাদক গৌতম সরকার দ্রুত এই সমস্যার সমাধান চেয়ে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের মতো জরুরি পরিষেবা ক্ষেত্রে অবিলম্বে এলপিজি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় রোগীদের যথাযথ পরিষেবা দেওয়া আসাম্ভব হয়ে পড়বে। বর্তমান এই অচলবস্থা কাটাতে প্রশাসনিক হস্তক্ষেপের অপেক্ষায় রয়েছেন ভুক্তভোগীরা।