এসআইআর প্রক্রিয়ায় মৃতদের পরিবারের পাশে রাজ্য: ৬১ জনকে সরকারি চাকরির ঘোষণা

এসআইআর প্রক্রিয়ায় মৃতদের পরিবারের পাশে রাজ্য: ৬১ জনকে সরকারি চাকরির ঘোষণা

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন মৃতদের পরিবারের জন্য কর্মসংস্থানের ঘোষণা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, এসআইআর প্রক্রিয়ার মানসিক চাপ ও আতঙ্কে প্রাণ হারানো মোট ৬১ জনের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে।

রাজ্য সরকারের অভিযোগ, নির্বাচন কমিশনের অপরিকল্পিত কাজের চাপ সইতে না পেরে অনেক বিএলও এবং সাধারণ ভোটার অসুস্থ হয়ে বা আত্মহত্যার জেরে প্রাণ হারিয়েছেন। গত অক্টোবর থেকে শুরু হওয়া এই সংক্ষিপ্ত সময়ের নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় রাজ্যে মৃত্যুর সংখ্যা একশোর গণ্ডি ছাড়িয়েছে। মানবিক খাতিরে এবং মৃতদের পরিবারের আর্থিক সংকট দূর করতে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তবে নিয়োগের সময়সীমা এবং নির্দিষ্ট কোন দপ্তরে এই চাকরি দেওয়া হবে, তা নিয়ে বর্তমানে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। মৃতদের তালিকায় যেমন বিএলও এবং সরকারি আধিকারিকরা রয়েছেন, তেমনই রয়েছেন নথিপত্র সংক্রান্ত উদ্বেগে প্রাণ হারানো সাধারণ নাগরিকরাও। সরকারের এই সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনে কিছুটা স্বস্তি ফেরাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *