এসএসসি দুর্নীতি মামলায় মণীশ জৈন ও কুন্তল ঘোষকে ইডির তলব

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপরতা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এসএসসি মামলায় এবার রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন এবং হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষকে তলব করেছে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহেই তাঁদের ইডি দপ্তরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিপূর্বে এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কেও তলব করা হয়েছিল।
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে আধিকারিকদের। সেই বিষয়ে বিস্তারিত জানতেই বর্তমানে জামিনে মুক্ত কুন্তল ঘোষকে নোটিস পাঠানো হয়েছে। অন্যদিকে, মণীশ জৈনকে এর আগে সিবিআই একাধিকবার জিজ্ঞাসাবাদ করলেও এবার ইডির মুখোমুখি হতে হবে তাঁকে। কেন্দ্রীয় সংস্থার এই সক্রিয়তা রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি করেছে।
এদিকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য, রত্না বাগচি এবং বিভাস অধিকারীকেও নোটিস দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিন শারীরিক অসুস্থতার কারণে পার্থ চট্টোপাধ্যায় আদালতে হাজিরা না দিলেও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন। আদালত জানিয়েছে, আগামী ১৫ জুন ইডি ও সিবিআই উভয় মামলার একযোগে শুনানি হবে। তদন্তের গতিপ্রকৃতি এখন কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর সকলের।