ঐতিহাসিক রায়! নারী সেনাদের জন্য খুশির খবর শোনাল সুপ্রিম কোর্ট

সশস্ত্র বাহিনীতে লিঙ্গসমতার পথে এক অভাবনীয় জয় এল। মঙ্গলবার শীর্ষ আদালত এক যুগান্তকারী রায়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে, শর্ট সার্ভিস কমিশন (SSC) পাওয়া মহিলা অফিসারদের স্থায়ী কমিশন পাওয়ার অধিকার বহাল থাকবে। বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে এই নির্দেশ দিয়েছে।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, বছরের পর বছর ধরে চলা প্রাতিষ্ঠানিক বৈষম্য মহিলা অফিসারদের কেরিয়ারে বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখন থেকে শূন্যপদের ক্ষেত্রে পুরুষ ও মহিলাদের সমান সুযোগ নিশ্চিত করা হবে। এমনকি যাঁরা দীর্ঘ আইনি লড়াইয়ের মাঝে চাকরি হারিয়েছেন, তাঁদের ক্ষেত্রেও ২০ বছরের পরিষেবা পূর্ণ হয়েছে বলে গণ্য করা হবে, যাতে তাঁরা পেনশনের আওতাভুক্ত হতে পারেন। তবে বকেয়া বেতনের দাবি মঞ্জুর করেনি আদালত। এই রায় জাজ অ্যাডভোকেট জেনারেল (JAG) এবং আর্মি এডুকেশন কর্পস (AEC) বাদে বাকি সব শাখার মহিলা অফিসারদের জন্য কার্যকর হবে।