ওড়িশায় রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, তিন বিধায়ককে বহিষ্কার করল কংগ্রেস

ওড়িশায় রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, তিন বিধায়ককে বহিষ্কার করল কংগ্রেস

ওড়িশার রাজ্যসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার অভিযোগে তিন বিধায়ককে বহিষ্কার করল কংগ্রেস। বহিষ্কৃত বিধায়করা হলেন দাশরথি গোমাঙ্গ, রমেশ জেনা এবং সোফিয়া ফিরদৌস। সোমবার রাজ্যের চারটি আসনে ভোটগ্রহণ চলাকালীন চতুর্থ আসনটিকে কেন্দ্র করে চরম নাটকীয়তা তৈরি হয়। কংগ্রেস সাফ জানিয়েছে, দলের সাথে বিশ্বাসঘাতকতা করা সদস্যদের জন্য সংগঠনে কোনো স্থান নেই।

বিজেপি প্রার্থী তথা শিল্পপতি দিলীপ রায়ের জয় আটকাতে এই আসনে কংগ্রেস ও বিজেডি যৌথভাবে চিকিৎসক দত্তেশ্বর হোতাকে সমর্থন করেছিল। তবে ভোটাভুটির সময় দ্বিতীয় পছন্দের ভোটে ক্রস ভোটিং হওয়ায় সমীকরণ বদলে যায়। কংগ্রেসের তিন বিধায়ক ছাড়াও বিজেডির আটজন বিধায়ক বিজেপি প্রার্থীর পক্ষে ভোট দেন। এর ফলে অভাবনীয় জয় পান দিলীপ রায় এবং পরাজিত হন জোট সমর্থিত প্রার্থী।

নির্বাচনের আগে থেকেই ঘোড়া কেনাবেচার আশঙ্কায় কংগ্রেস তাদের ১৪ জন বিধায়কের মধ্যে আটজনকে বেঙ্গালুরুর রিসর্টে পাঠিয়েছিল। এমনকি প্রলোভন দেখিয়ে জনৈক বিধায়ককে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার অভিযোগও উঠেছিল। সমস্ত সতর্কতা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। ক্রস ভোটিংয়ের জেরে ওড়িশার রাজনৈতিক অঙ্গন বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে এবং কংগ্রেস কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *