ওড়িশার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃত ১০, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

ওড়িশার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃত ১০, বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ

ওড়িশার কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে সোমবার ভোররাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। ভোর ৩টে নাগাদ শর্ট সার্কিট থেকে ট্রমা কেয়ার ইউনিটে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। ধোঁয়ায় আচ্ছন্ন ওয়ার্ড থেকে রোগীদের উদ্ধার করতে গিয়ে অন্তত ১১ জন স্বাস্থ্যকর্মী গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন।

দুর্ঘটনার খবর পেয়ে সকালেই হাসপাতাল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এবং স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং। মুখ্যমন্ত্রী মৃতদের পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। তিনি জানান, আইসিইউ-র ভেতরে সাতজন এবং স্থানান্তরের সময় আরও তিনজনের মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ অগ্নিকাণ্ড নাকি ধোঁয়ায় শ্বাসরোধ, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুখ্যমন্ত্রী এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং কর্তব্যরতদের গাফিলতি প্রমাণিত হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমানে ট্রমা কেয়ার থেকে ২৩ জন রোগীকে অন্য ওয়ার্ডে সরিয়ে চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *