ওবিসি তালিকায় ঠাঁই কেবলই আইওয়াশ, রাজস্থান হাইকোর্টের কড়া নির্দেশে বিপাকে রাজ্য

রাজস্থানে রূপান্তরকামী বা কিন্নর সম্প্রদায়ের অধিকার রক্ষায় ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করল হাইকোর্ট। সরকারি চাকুরি ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে এই সম্প্রদায়কে ৩ শতাংশ অতিরিক্ত নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অরুণ মোঙ্গা ও বিচারপতি যোগেন্দ্র কুমার পুরোহিতের ডিভিশন বেঞ্চ।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, কিন্নরদের কেবল ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করা এক প্রকার ‘প্রহসন’। এর মাধ্যমে তারা বাস্তবে কোনো সুফল পাচ্ছে না। বর্তমানে রাজস্থানে ১৬ হাজার ৫১৭ জন কিন্নর রয়েছেন, যা বিশাল ওবিসি জনসংখ্যার তুলনায় নগণ্য। ফলে রোস্টার পদ্ধতিতে তাদের সুযোগ পাওয়া প্রায় আসাম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এই সমস্যা সমাধানে কর্নাটক ও তামিলনাড়ুর আদলে পৃথক সংরক্ষণ নীতি তৈরির নির্দেশ দিয়েছে আদালত। সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে কিন্নর সম্প্রদায়ের প্রতিনিধিরাও থাকবেন। ২০২৩ সালের যে বিজ্ঞপ্তিতে কিন্নরদের কেবল ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, তাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে হাইকোর্ট। জালোর নিবাসী গঙ্গা কুমারীর দায়ের করা এক মামলার প্রেক্ষিতেই এই যুগান্তকারী রায় এল।