ওরাকল থেকে ছাঁটাই ৩০ হাজার কর্মী, বড় ধাক্কা ভারতের আইটি সেক্টরে

বিশ্বজুড়ে আইটি সেক্টরে ফের বড়সড় বিপর্যয়ের মেঘ। দীর্ঘদিনের জল্পনা কাটিয়ে এবার গণছাঁটাইয়ের পথে হাঁটল মার্কিন টেক জায়ান্ট ওরাকল। সংস্থাটি একযোগে প্রায় ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বিশাল অংকের কর্মী সংকোচনের প্রভাব সরাসরি পড়েছে ভারতের বাজারেও, যার ফলে অনিশ্চয়তার মুখে পড়েছেন কয়েক হাজার তথ্যপ্রযুক্তি কর্মী।
মূলত মেক্সিকো এবং ভারতের আইটি হাবগুলিতে এই ছাঁটাই প্রক্রিয়া সবচেয়ে বেশি কার্যকর করা হয়েছে। ওরাকল কর্তৃপক্ষের পক্ষ থেকে ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অনেককেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, তাঁদের বর্তমান পদ থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়া হচ্ছে। কোনো পূর্ব নোটিশ ছাড়াই এমন কঠোর সিদ্ধান্তে কর্মীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাব এবং কো ম্পা নির অভ্যন্তরীণ কাঠামোগত পরিবর্তনের কারণেই এই গণছাঁটাই। তবে ভারতের মতো বিশাল বাজারের দক্ষ কর্মীদের ওপর এই কোপ পড়ায় সামগ্রিক শিল্পমহলে উদ্বেগ বাড়ছে। আগামী দিনে এই ছাঁটাই পর্ব আরও দীর্ঘ হবে কিনা, তা নিয়ে কোনো স্পষ্ট বার্তা দেয়নি সংস্থাটি।
বর্তমানে বেকারত্বের তালিকায় নাম ওঠা ভারতীয় কর্মীদের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা। মেক্সিকো ও ভারতের বিশাল সংখ্যক কর্মীর কর্মসংস্থান হারানো আইটি সেক্টরে এক অস্থির পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। টেক দুনিয়ার এই বড় ধাক্কা অন্যান্য সংস্থাকেও কর্মী সংকোচনের পথে ঠেলে দেয় কি না, এখন সেটাই দেখার বিষয়।