ওল্ড ট্র্যাফোর্ডে রাজকীয় সংবর্ধনা পাচ্ছেন মহারাজ, ম্যানচেস্টার ইউনাইটেডের বিশেষ আমন্ত্রণে ইংল্যান্ড যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

ওল্ড ট্র্যাফোর্ডে রাজকীয় সংবর্ধনা পাচ্ছেন মহারাজ, ম্যানচেস্টার ইউনাইটেডের বিশেষ আমন্ত্রণে ইংল্যান্ড যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়

কলকাতা তথা ভারতের ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিশেষ সম্মানে ভূষিত করতে চলেছে বিশ্ববিখ্যাত ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী ১৫ মার্চ ইংলিশ প্রিমিয়ার লিগে ওল্ড ট্র্যাফোর্ডে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে রেড ডেভিলসরা। ঘরের মাঠের সেই হাইভোল্টেজ ম্যাচেই ব্রুনো ফার্নান্দেজদের ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে সম্মানিত করা হবে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফুটবল প্রীতি সর্বজনবিদিত। নিজে দীর্ঘসময় ফুটবল খেলেছেন এবং তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের একজন কট্টর সমর্থক। এর আগে একাধিকবার গ্যালারিতে বসে প্রিয় ক্লাবের খেলা দেখলেও, এবার তিনি উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসেবে। ক্লাবের পক্ষ থেকে তাঁকে স্পেশাল হসপিটালিটি বক্সে আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড কর্তৃপক্ষ আগেই তাঁকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু বিশ্বকাপের ব্যস্ততার কারণে তখন সময় করে উঠতে পারেননি মহারাজ।

লিগ টেবিলের সমীকরণে ১৫ মার্চের এই ম্যাচটি মাইকেল ক্যারিকের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরসুমের শুরুতে বিপর্যয়ের মুখে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইউনাইটেড। বর্তমানে ২৯ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। সমসংখ্যক পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে চতুর্থ স্থানে আছে এমি মার্টিনেজদের অ্যাস্টন ভিলা। চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকা দুই দলের এই দ্বৈরথ ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ তুঙ্গে।

অন্যদিকে, ফুটবল সফরের আবহেও ভারতীয় ক্রিকেট নিয়ে নিজের মতামত জানিয়েছেন সৌরভ। ভারতের সাম্প্রতিক বিশ্বকাপ জয় এবং জশপ্রীত বুমরাহর পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। সঞ্জু স্যামসনের দুরন্ত ফর্মে তিনি মোটেও অবাক নন বলে জানান। একইসঙ্গে প্রাক্তন বিসিসিআই সভাপতির প্রত্যয়ী দাবি, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটে সোনা জয়ের সবচেয়ে বড় দাবিদার ভারতই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *