কংগ্রেস উন্নয়নবিরোধী ও জমি লুটে যুক্ত, ডিব্রুগড়ের জনসভা থেকে তোপ মোদীজির

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার আসামের ডিব্রুগড়ে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছেন। তিনি কংগ্রেসকে উন্নয়নবিরোধী আখ্যা দিয়ে দাবি করেন, দলটির শীর্ষ নেতৃত্ব দুর্নীতির মাধ্যমে জমি দখল ও লুটে সরাসরি জড়িত। ন্যাশনাল হেরাল্ড ও রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্টের প্রসঙ্গ টেনে তিনি গান্ধী পরিবারকে নিশানা করেন।
মোদী বলেন, কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতির কারণে সড়ক, রেলপথ ও শিল্পায়নের জন্য জমি ব্যবহারের বিরোধিতা করছে। তাঁর অভিযোগ, কংগ্রেস আসলে অনুপ্রবেশকারীদের আড়াল করতে চাইছে। তিনি দাবি করেন, কাজিরাঙার মতো ঐতিহ্যবাহী স্থানের জমি কংগ্রেস অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিয়েছিল, যা বিজেপি সরকার পুনরুদ্ধার করেছে।
বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, লাখো বিঘা জমি থেকে অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করার কারণেই কংগ্রেস এখন বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। তাঁর মতে, কংগ্রেসের উন্নয়ন ভাবনা অত্যন্ত সংকীর্ণ। তারা শিল্পের জন্য কৃষকদের জমি দেওয়ার বিরোধিতা করে আসলে আসামের যুবসমাজের কর্মসংস্থান ও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।
এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও তিনি সরব হন। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, চা-বাগানের কর্মীদের সংস্কৃতি ও পোশাক নিয়ে কংগ্রেস নোংরামি করছে এবং এআই ব্যবহার করে মিথ্যা ছবি ছড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। চা-শ্রমিকদের আসাম্মান করার এই মানসিকতা অত্যন্ত নিন্দনীয় বলে তিনি উল্লেখ করেন।
কংগ্রেসের শীর্ষ পরিবারকে ভারতের ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ পরিবার হিসেবে অভিহিত করে মোদী বলেন, তাঁরাই আসল ‘ল্যান্ড এটিএম’। দিল্লি ও মুম্বাইয়ের মতো শহরে হাজার হাজার কোটি টাকার জমি ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির মাধ্যমে দখল করা হয়েছে। বর্তমানে এই দুর্নীতির মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।
পরিশেষে তিনি বলেন, কংগ্রেসের শাসনামলে উন্নয়নের কাজ সঠিক সময়ে হলে আসামের প্রজন্মকে এত কষ্ট ভোগ করতে হতো না। বিজেপি সরকার মানুষের সুবিধা ও রাজ্যের উন্নতির জন্য নিরলস কাজ করে যাচ্ছে, যা কংগ্রেস সহ্য করতে পারছে না বলেই মিথ্যা অপবাদে লিপ্ত হচ্ছে।