কটক হাইকোর্টে মহিলা কর্তৃক অগ্নিসংযোগ চাঞ্চল্যকর নিরাপত্তাহীনতার ছবি

মঙ্গলবার কটকে ওড়িশা হাইকোর্ট চত্বরে এক মহিলার ভয়াবহ তাণ্ডবে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত মহিলা পার্কিং এলাকায় দাঁড়িয়ে থাকা একাধিক যানবাহন লক্ষ্য করে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি বাইক থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী স্কুটার এবং এসইউভি গাড়িতে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও আইনজীবীরা।
খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্ত মহিলা হাইকোর্ট ভবনের ভেতরেও জ্বলন্ত বস্তু নিক্ষেপ করছেন। এই ঘটনায় একটি ইলেকট্রিক স্কুটার ও দুটি বাইকসহ একটি বিলাসবহুল গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। হাইকোর্টের মতো উচ্চ নিরাপত্তা বেষ্টিত এলাকায় দিনের আলোয় এমন নাশকতামূলক কর্মকাণ্ড প্রশাসনের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
পুলিশ অভিযুক্ত মিনতি সাহুকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের এসিপি অনন্যা অবস্থি জানিয়েছেন, ধৃত মহিলা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষোভ থেকে এই কাজ করেছেন বলে দাবি করছেন। তবে এই ব্যাখ্যার পেছনে অন্য কোনো নাশকতামূলক উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্তের মানসিক অবস্থা ও সিসিটিভি ফুটেজ বিশদভাবে পরীক্ষা করে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।