কফি কি ঘুম বাড়ায়? জেনে নিন কী বলছে বিজ্ঞান?

ঘুম তাড়াতে এক কাপ ধোঁয়া ওঠা কফি অনেকেরই প্রধান ভরসা। তবে বিজ্ঞান বলছে, ক্ষেত্রবিশেষে কফি ঘুম তাড়ানোর বদলে ক্লান্তি আরও বাড়িয়ে দিতে পারে। এর মূলে রয়েছে মস্তিষ্কে নিঃসৃত ‘অ্যাডিনোসিন’ নামক এক রাসায়নিক, যা শরীরে ঘুমের চাপ বা ‘স্লিপ প্রেশার’ তৈরি করে। কফিতে থাকা ক্যাফিন সাময়িকভাবে এই অ্যাডিনোসিনকে বাধা দিলেও এর উৎপাদন বন্ধ করতে পারে না। ফলে কফির প্রভাব কাটলে জমানো ক্লান্তি দ্বিগুণ বেগে শরীরকে গ্রাস করে।
দীর্ঘদিন নিয়মিত কফি পানের অভ্যাস থাকলে মস্তিষ্কে অ্যাডিনোসিন গ্রহণের স্নায়বিক পথ বা রিসেপ্টর বেড়ে যায়। তখন সাধারণ এক কাপ কফিতে আর আগের মতো সতেজতা অনুভূত হয় না। এছাড়া জিনগত বৈশিষ্ট্যের কারণেও অনেকের শরীরে ক্যাফিন দ্রুত হজম হয়ে যায়, ফলে কফি পানের পরও তাদের ঘুম পাওয়ার প্রবণতা থেকে যায়।
মূলত শরীরে ক্যাফিনের প্রভাব এবং অ্যাডিনোসিনের স্তরের ওপর নির্ভর করে কফি আপনাকে জাগিয়ে রাখবে নাকি ঘুম পাড়াবে। তাই কফি খেয়েও যদি চোখের পাতা ভারী হয়ে আসে, তবে বুঝবেন এটি আপনার মস্তিষ্কের এক জটিল রাসায়নিক প্রতিক্রিয়ার ফল। অতিরিক্ত কফি পানের চেয়ে শরীরের স্বাভাবিক বিশ্রামের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেওয়া এক্ষেত্রে অধিক কার্যকর হতে পারে।