কবরস্থানে গ্যাসের বিশাল গুদাম পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

হায়দরাবাদের বাঞ্জারা হিলস সংলগ্ন একটি কবরস্থানে অবৈধভাবে মজুত করা ৪১৪টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জুবিলি হিলস টাস্ক ফোর্সের বিশেষ দল এই অভিযান চালায়। চক্রের মূল হোতা মহম্মদ আমির সহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত সিলিন্ডারগুলোর মধ্যে ছিল ঘরোয়া ও বাণিজ্যিক ব্যবহারের বিভিন্ন মাপের গ্যাস। এই চক্রটি মেট্রো গ্যাস এজেন্সির আড়ালে বেশি দামে সিলিন্ডার কালোবাজারি করত বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে।
অভিযানে প্রায় ২১.৮৮ লক্ষ টাকা মূল্যের গ্যাস সিলিন্ডার সহ ১১টি মালবাহী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ডিসিপি গায়কওয়াড় বৈভব রঘুনাথ জানিয়েছেন, কবরস্থানের মতো জায়গায় অত্যন্ত বিপজ্জনকভাবে এই বিপুল পরিমাণ দাহ্য পদার্থ লুকিয়ে রাখা হয়েছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং এই চক্রের সঙ্গে আর কারোর যোগসাজশ রয়েছে কি না তা খতিয়ে দেখছে হায়দরাবাদ সিটি পুলিশ। বর্তমানে অভিযুক্তরা পুলিশি হেফাজতে রয়েছে।