কমিশনের কড়া বার্তার পর জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষ হতেই রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠকে বসলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে মূলত কমিশনের দেওয়া নির্দেশিকা ও পর্যবেক্ষণগুলো নিয়ে আলোচনা করা হয়। নবান্ন সূত্রে খবর, ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং শান্তিময় নির্বাচন নিশ্চিত করাই ছিল এই আলোচনার প্রধান লক্ষ্য।
এর আগে সকালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের হিংসা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় কেন ভোটের সময় বেশি অশান্তি হয়, তা নিয়ে মুখ্যসচিবকে সোজাসুজি প্রশ্ন করেন তিনি। কোনোভাবেই যেন বোমা-পিস্তল বা অশান্তির খবর না আসে, সে বিষয়ে জেলা প্রশাসনকে কঠোরভাবে সতর্ক করেছে কমিশন। এছাড়া বেআইনি অস্ত্র, মদ ও অর্থ লেনদেনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মুখ্যসচিব এই বৈঠকে জেলা কর্তাদের থেকে জানতে চান, কমিশনের নির্দেশ পালনে প্রশাসনিক স্তরে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনো জেলায় কাজ করতে গিয়ে আধিকারিকরা সমস্যায় পড়ছেন কি না, তাও খতিয়ে দেখা হয়। সব রাজনৈতিক দলের অভিযোগের ভিত্তিতে কমিশন এবার শূন্য সহনশীলতা নীতি গ্রহণের বার্তা দিয়েছে। সেই মোতাবেক রাজ্যে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।