কমিশনের চিঠিতে বিজেপির স্ট্যাম্প, ‘রাজনৈতিক চক্রান্ত’ বলে তোপ মমতার

মঙ্গলবার উত্তরবঙ্গ সফরের আগে দমদম বিমানবন্দরে নির্বাচন কমিশনের একটি চিঠি ঘিরে তীব্র ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে বিজেপির স্ট্যাম্প থাকা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, এর মাধ্যমেই স্পষ্ট হয়ে গেছে কমিশন আসলে কার নির্দেশে কাজ করছে। মুখ্যমন্ত্রীর মতে, এটি কোনো সাধারণ ভুল নয়, বরং এর পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
কমিশন বিষয়টিকে ‘কেরানিজনিত ভুল’ বলে দাবি করলেও তা মানতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, এই চিঠি শুধুমাত্র কেরলের জন্য নয়, বরং সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্যই প্রযোজ্য। চিঠির বিষয়বস্তুকে হাতিয়ার করে তিনি কেন্দ্রের শাসকদলের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, “সামনাসামনি লড়াই না করে পিছন থেকে কেন প্রভাব খাটানো হচ্ছে?”
এই ঘটনার প্রেক্ষিতে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলোকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি আর্জি জানান, দলীয় রং নির্বিশেষে কমিশনের এই ‘একপেশে’ কার্যকলাপের বিরুদ্ধে সবার ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে রাজনৈতিক দলগুলোর জোটবদ্ধ লড়াই এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।