কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির চিহ্ন: ‘ঠাকুর ঘরে কে?’ বলে আক্রমণ মমতার

২৬-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল স্থির করতে মঙ্গলবার মেগা প্রচারে নামল তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ সফরের আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন ও বিজেপির ‘যোগসাজশ’ নিয়ে তীব্র সরব হন। কমিশনের একটি বিজ্ঞপ্তিতে বিজেপির নির্বাচনী চিহ্ন থাকার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, “ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি! ব্যাক ডোর দিয়ে না খেলে সামনাসামনি লড়াই করুন।”
নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী জানান, প্রায় ৭০ জন আইএএস-আইপিএস আধিকারিককে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলে দেওয়া হয়েছে। একে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ পদক্ষেপ হিসেবে বর্ণনা করে তিনি জনমানসে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনেন। বিশেষ করে নন্দীগ্রামে কর্মরত জনৈক আধিকারিককে ভবানীপুরে আনার বিষয়েও তিনি কড়া সমালোচনা করেন।
ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সোমবার মধ্যরাতে প্রকাশিত অতিরিক্ত তালিকায় অনেক অসংগতি রয়েছে। ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার আতঙ্কে রাজ্যে ২২০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করে তিনি সংবিধান বাঁচাতে সমস্ত রাজনৈতিক দলকে একজোট হওয়ার আহ্বান জানান। মঙ্গলবার জলপাইগুড়ির চালসা ও দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় মমতা ও অভিষেকের জোড়া সভায় প্রচারের সুর চড়াতে চাইছে ঘাসফুল শিবির।