কয়লা পাচার মামলায় ইডির জালে এবার প্রভাবশালী পুলিশ আধিকারিক

কয়লা পাচার মামলার তদন্তে ফের তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বুধবার সাতসকালে দুর্গাপুরের সিটি সেন্টারে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাসভবনে অতর্কিতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা ঘিরে ফেলে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পাশাপাশি তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে দুবার হাজিরা এড়িয়ে যাওয়ায় এদিন তার বাড়ির প্রধান ফটকে আগামী ১৩ই মার্চ কলকাতায় ইডি দপ্তরে সশরীরে উপস্থিত হওয়ার তৃতীয় সমন সেঁটে দেওয়া হয়েছে।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর পাচারকারীদের থেকে মোটা অঙ্কের সুরক্ষা মূল্য বা প্রটেকশন মানি নেওয়ার অভিযোগ রয়েছে এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। উল্লেখ্য বারাবনি থানার ওসি থাকাকালীন কয়লা পাচারে মদত দেওয়ার অভিযোগে তাকে আগে সাসপেন্ডও করা হয়েছিল। নবান্নের কড়া বার্তার পর তাকে স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হলেও গত ফেব্রুয়ারিতেও তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এবারও হাজিরা এড়ালে তার বিরুদ্ধে চরম আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তদন্তকারীরা।