কয়লা পাচার মামলা: পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ফের ইডি হানা

কয়লা পাচার মামলা: পুলিশ আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে ফের ইডি হানা

কয়লা পাচার মামলার তদন্তে ফের তৎপরতা শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের দুর্গাপুরের সিটি সেন্টার সংস্থিত বাসভবনে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়। এই মামলার শিকড় সন্ধানে মনোরঞ্জনের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

অভিযান চলাকালীন ইডির পক্ষ থেকে মনোরঞ্জন মণ্ডলের বাড়ির গেটে একটি হাজিরার নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে আগামী ১৩ মার্চ দুপুর ১২টার মধ্যে তাঁকে ইডি দপ্তরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, এটি তাঁর বিরুদ্ধে ইডির পাঠানো তৃতীয় সমন। এর আগে দু’বার তলব করা সত্ত্বেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।

তদন্তকারী সংস্থার দাবি, কয়লা পাচারের ‘প্রোটেকশন মানি’ লেনদেনের সঙ্গে এই পুলিশ আধিকারিকের যোগসূত্র থাকতে পারে। এর আগে ২০২৪ সালে দুর্নীতির অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। গত ফেব্রুয়ারিতেও তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। বর্তমানে স্পেশাল ব্রাঞ্চে কর্মরত এই আধিকারিক এবারও হাজিরা এড়িয়ে গেলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *