কলকাতাতেই বসছে রাজ্যের প্রধান ট্রাইবুনাল তবে বাড়িতে বসেই মিলবে বিচারের সুবিধা

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে ট্রাইবুনালের প্রধান দপ্তর শুধুমাত্র কলকাতাতেই স্থাপন করা হচ্ছে। ট্রাইবুনালের বিচারপতিরা কলকাতাতেই অবস্থান করবেন এবং বিচারপ্রক্রিয়া পরিচালনা করবেন। তবে জেলা পর্যায়ের ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেসব ভোটারের নাম অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাঁদের শুনানির জন্য সশরীরে কলকাতায় আসার প্রয়োজন নেই।
আবেদনকারীরা বাড়িতে বসেই নির্বাচন কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনেই আবেদন জানাতে পারবেন। বিচার প্রক্রিয়ার প্রয়োজনে যদি কোনও নথিপত্র বা কাগজের দরকার হয়, তবে ভোটাররা তা নিজ নিজ জেলার জেলাশাসক (DM) বা মহকুমাশাসকের কাছে জমা দিতে পারবেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সেই সব প্রয়োজনীয় নথি সরাসরি কলকাতার ট্রাইবুনাল দপ্তরে পৌঁছে দেওয়া হবে। এর ফলে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি দুইই কমবে।