কলকাতায় এবার ‘ওয়াটার মেট্রো’, গঙ্গার বুকে পরিবেশবান্ধব পরিবহণে নবান্নের সবুজ সংকেত

গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচলের সাফল্যের পর এবার জলপথে ‘ওয়াটার মেট্রো’ চালুর পরিকল্পনা করছে রাজ্য সরকার। নবান্ন থেকে এই প্রকল্পে ইতিমধ্যেই প্রাথমিক সবুজ সংকেত মিলেছে। কোচি ওয়াটার মেট্রোর আদলে কলকাতায় অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই দ্রুতগতির ও পরিবেশবান্ধব নৌযানগুলি মহানগরের যানজট কমাতে এবং যাতায়াত আরও আরামদায়ক করতে বিশেষ ভূমিকা নেবে।
আগামী সপ্তাহে কলকাতা পুরসভায় এই প্রকল্প বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে কোচির প্রতিনিধি দল বিস্তারিত প্রেজেন্টেশন দেবে। অর্থ দপ্তরের অনুমোদন মেলায় এখন বোটের ধরণ, রুট এবং গাইডলাইন নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই বৈঠকে প্রকল্পের মোট ব্যয় এবং পরিকাঠামো নিয়ে চূড়ান্ত রূপরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
জলপথের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তায় ইতিমধ্যেই ৫০টি জেটিকে আধুনিকীকরণ করা হয়েছে। প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে ১৩টি ই-ভেসেল এবং আরও ২২টি নতুন ভেসেল গঙ্গায় নামানোর প্রস্তুতি চলছে। জেটিগুলিতে স্মার্ট কার্ড গেট বসানোর পাশাপাশি গঙ্গার দুই পাড়কেও নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, যা জলপথ পরিবহণে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।